
আদালত প্রতিবেদক // সরকারের পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়মের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মুহাম্মদ কামরুল হাসান খান এই খালাসের রায় ঘোষণা করেন।
এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বলেন, ‘১৫ মামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন। রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।’
চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাগুলো করে দুদক।
মামলায় ওই বছরের ২০ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন দুদক।
চার্জশিটে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা।
চার্জশিটে আরও ১৪ আসামির নাম যুক্ত হয়। তাদের বিরুদ্ধে সুবিধা আদায়ের অভিযোগ তোলা হয়। পরবর্তীতে আসামি মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত।