1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রেপ্তার হচ্ছে, থামছে না অপরাধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গ্রেপ্তার হচ্ছে, থামছে না অপরাধ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ 0 বার সংবাদি দেখেছে
খুলনা প্রতিনিধি // অভিযান চলছে, আসামি গ্রেপ্তারও হচ্ছে; কিন্তু তাতেও খুলনা মহানগরীর অপরাধের লাগাম টানা যাচ্ছে না। একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার, সংঘাত ও সন্ত্রাসী তৎপরতায় নগরজুড়ে বাড়ছে উদ্বেগ-আতঙ্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও তাদের কেউ-কেউ অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আসায় অপরাধ নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। এর সঙ্গে থানার ওসিসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ঘন ঘন বদলি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ নগরবাসীর।

সবশেষ গত বুধবার রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নিরালা এলাকায় প্রকাশ্যে মুস্তাকিন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে নির্বিঘ্নে তাকে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা বলছেন, অভিযান ও গ্রেপ্তারের পরও যদি অপরাধীরা দ্রুত জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে ধারাবাহিকভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব?

নগরবাসীর একাংশের অভিযোগ, থানার ওসিসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণে কোনো এলাকার অপরাধী চক্র, মাদককারবারি, কিশোর গ্রুপ, স্থানীয় বিরোধ ও অপরাধের ধরন সম্পর্কে দীর্ঘমেয়াদি ধারণা তৈরির সুযোগ কমে যায়। ফলে একজন কর্মকর্তা একটি এলাকার অপরাধের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নেওয়ার আগেই দায়িত্ব তাকে পরিবর্তন করা হলে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিটি হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) সফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ড তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লবণচরায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাতজনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তারা হত্যার কথা স্বীকার করেছে।’ অথচ সেই কর্মকর্তাকে অন্য থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া হত্যার সঙ্গে জড়িত আরও দুজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুই যুবক গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরেও ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।

খোঁজ নিয়ে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর উদ্বেগের আরেকটি বড় কারণ হচ্ছে গ্রেপ্তারের পর দ্রুত জড়িতরা জামিনে বেরিয়ে আসছে। আর এই বেরিয়ে আসা আসামিদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যকর নজরদারি আছে কি না— তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জামিন পাওয়া আইনি প্রক্রিয়ার অংশ হলেও, গুরুতর অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে পরবর্তী সময়ে তারা কোনো অপরাধে জড়াচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে ঘাটতি থাকলে একই চক্রের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়।

নগরবাসীর মতে, শুধু অভিযান, গ্রেপ্তার ও মামলা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন থানাভিত্তিক অপরাধের তথ্য বিশ্লেষণ, চিহ্নিত অপরাধীদের ওপর আইনসঙ্গত নজরদারি, মাদক ও কিশোর অপরাধ দমনে ধারাবাহিক অভিযান এবং মামলার তদন্ত দ্রুত ও নির্ভুলভাবে শেষ করা। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের বিষয়ে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের সীমার মধ্যে নজরদারি জোরদার করা জরুরি।

তাদের মতে, অপরাধী গ্রেপ্তার হচ্ছে- কিন্তু অপরাধ কেন থামছে না, সেটিই এখন বড় প্রশ্ন। একের পর এক হত্যাকাণ্ডের পর নগরবাসীর প্রত্যাশা— সাময়িক অভিযান নয়; অপরাধী চক্রের শেকড় চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও সমন্বিত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews