1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা লুট, এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা লুট, এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার (ঝালকাঠি) প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ী সুমন হোসেনকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত সরদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে দোকান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের গতিরোধ করে। পরে রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশ ব্যবসার নগদ ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সুমন রাজাপুর থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ অক্টোবর রাতে রাজাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার গণী শরীফের ছেলে আফজাল শরীফ (৫০), মনজুরুল আলম মুন্নার ছেলে লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার আবুল খায়ের মৃধার ছেলে চান মিয়া (২৯) এবং মজিবর হাওলাদারের ছেলে মামুন হাওলাদার।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, বিকাশ ব্যবসায়ী সুমন হোসেনকে কুপিয়ে আহত করে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত সরদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে এসআরবি-৮। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews