1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি গত ৫৪ মাসে সর্বনিম্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি গত ৫৪ মাসে সর্বনিম্ন

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে ইতিবাচক প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রেখেছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি গ্রাম ও শহর- উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের দামের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে অক্টোবরে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশের সব অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতির চাপ কমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বাইল্যা ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। পাশাপাশি পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএস এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে এলেও খাদ্যবহির্ভূত খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

তবে খাদ্য মূল্যস্ফীতির উল্লেখযোগ্য হ্রাস সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। অক্টোবরে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। এ সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অন্যদিকে, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়েছে। এ কাজে ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়। সংগৃহীত দামের গড় এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়েছে। সূত্র: বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews