
নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দ্বিতল ভবনের নিচতলার সিঁড়ির সামনে পাকা রাস্তা থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার আসমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি কাউখালী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। একই ঘটনায় তার স্বামীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।