1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিডরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন দুমকীর মানুষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সিডরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন দুমকীর মানুষ

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আজ ১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৯তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পটুয়াখালীর দুমকীসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও গাছচাপায় দুমকিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামো।

সিডরের তাণ্ডবে পায়রা ও লোহালিয়া নদীবেষ্টিত দুমকির নিম্নাঞ্চল প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থানের বেড়িবাঁধ।

উপজেলার পাঙ্গাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া ও মুরাদিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে যায় বড় বড় গাছপালা। সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে আমন ধান, শীতকালীন শাকসবজির ক্ষেত এবং মাছের ঘের ও পুকুর তলিয়ে যায়। এতে কৃষক ও মৎস্যচাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েন অসংখ্য পরিবার। ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় লড়াই করতে হয়।

১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় স্থানীয়দের।

সিডরের ভয়াবহ তাণ্ডবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে। সেখানে মৃত চান্দু মল্লিকের ছেলে মজিবর মল্লিক, তার স্ত্রী রাবেয়া বেগম ও তাদের শিশু কন্যা ঘরচাপা পড়ে মারা যায়। ওই ঘটনায় বাবা-মা ও ছোট বোনকে হারানো তাদের ছেলে রাজীব মল্লিক আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। ১৯ বছর পরও পরিবারের তিন সদস্যকে হারানোর স্মৃতি মনে পড়লে ডুকরে কেঁদে ওঠেন তিনি।

উপজেলার রাজাখালী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হাওলাদার বলেন, সিডরের ভয়াবহতায় তার পরিবারের কারও প্রাণহানি না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়ে। জলোচ্ছ্বাসে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়।

সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষাপ্রতিষ্ঠানও। এলো এ এম ইউনাইটেড মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সমীর কুমার দাস জানান, ঘূর্ণিঝড়ে কলেজের টিনশেড ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ভবনের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি বাড়ির গাছের মাথায় দুমড়েমুচড়ে আটকে পড়ে। সরকারি কোনো অনুদান না পাওয়ায় পরে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা তুলে ভবনটি সংস্কার করতে হয়েছিল।

উপকূলীয় এ জনপদের মানুষের কাছে সিডর এখনো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার এক জীবন্ত স্মারক। ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews