1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ 0 বার সংবাদি দেখেছে

শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে বাধা ও হুমকির মুখে পড়েছেন সাংবাদিকেরা। বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ফোন কেড়ে নেওয়ার হুমকি দেন এক যুবক। শুধু পুরানবাজার নয়, একই ধরনের ঘটনা ঘটেছে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও। এতে শ্রমিক আন্দোলনের খবর সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এই প্রতিবেদকও ছিলেন।

বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণের সময় এক যুবক সাংবাদিকদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘ওই মিয়া, মোবাইল নামান। মোবাইল বাইর করছেন কেয়া? ভিডিও করেন কেন? ভিডিও করলে কিন্তু মোবাইল থাকত না।’ তার কথায় সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়ার হুমকিও ছিল।

এর কিছুক্ষণ পর বেলা পৌনে ১২টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও একই পরিস্থিতির মুখোমুখি হন দৈনিক অগ্রদূত-এর জেলা প্রতিনিধিসহ কয়েকজন প্রতিবেদক। মহাসড়কের সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে বিক্ষোভের ছবি ধারণের চেষ্টা করলে এক যুবক দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ান। তিনি ছবি তুলতে নিষেধ করেন। ছবি তোলার চেষ্টা অব্যাহত রাখলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হবে বলেও হুমকি দেন।

শ্রমিক আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের এমন বাধার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, শিল্পকারখানা এলাকার মানুষের কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি থাকলে তা আন্দোলন ও সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা জরুরি। কিন্তু সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া কিংবা হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শ্রমিক আন্দোলনের খবর সংগ্রহ করতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে আন্দোলনের সামনের সারিতে থাকা কয়েকজন যুবক তাদের ওপর চড়াও হন। এতে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য ও চিত্র সংগ্রহ ব্যাহত হচ্ছে। আন্দোলনের নামে কারা এমন পরিস্থিতি তৈরি করছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গাজীপুরে শ্রমিক অসন্তোষ শুরুর পর থেকেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের একাধিক সংবাদকর্মী হামলা ও বাধার শিকার হয়েছেন। শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য অধিকার আদায়ের আন্দোলনের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এতে দাবি-দাওয়া নিষ্পত্তির পথও তৈরি হতে পারে। অথচ সংবাদকর্মীদের সহযোগিতা করার পরিবর্তে তাদের তথ্য সংগ্রহে বাধা ও হুমকি দেওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

শ্রমিক আন্দোলনের আড়ালে সংবাদকর্মীদের ওপর বাধা সৃষ্টির পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে আন্দোলনস্থলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যেভাবে ছড়ায় বিক্ষোভ

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, নতুন বাজার ও গিলারচালা এলাকায় কয়েক দফায় অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। কয়েকটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews