1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দখল-দূষণে বিলুপ্তির পথে বরিশাল নগরীর জলাশয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দখল-দূষণে বিলুপ্তির পথে বরিশাল নগরীর জলাশয়

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // খাল, পুকুর ও দিঘি বেষ্টিত নগরী হিসেবে পরিচিত বরিশাল এখন তার ঐতিহ্য হারাতে বসেছে। দখল আর দূষণে বিলুপ্তির পথে নগরীর জলাশয়গুলো।

পরিবেশবাদীদের মতে, নগরীজুড়ে ছড়িয়ে থাকা এসব জলাশয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং অগ্নিনির্বাপণের অন্যতম ভরসা। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দখল, দূষণ ও অপরিকল্পিত নগরায়ণের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে নগরীর জলাশয়গুলো।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে একসময় প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল এই নগরীতে। এখন তার ৯০ শতাংশই ভরাট হয়ে গেছে। একইভাবে নগরীর ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন, ১৩টি মৃতপ্রায়। পানিপ্রবাহ রয়েছে মাত্র চারটিতে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যায়। এমনকি অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহ করতে গিয়েও বিপাকে পড়ে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, আশির দশকের আগে বরিশাল নগরীতে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরীর সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ছিল ৪৩৬টি। ভরাট হতে হতে বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমে এসেছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর এক যৌথ জরিপে নগরে ব্যক্তি মালিকানাধীন ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুরের অস্তিত্ব পাওয়া যায়। এর অধিকাংশই ভরাট করে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় এখনো পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ রয়েছে। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও রেহাই পাচ্ছে না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা করা হয়। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু হলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।
পুকুর-দিঘির পাশাপাশি দখল ও দূষণে অস্তিত্ব হারাচ্ছে নগরীর খালগুলোও। একসময় বরিশাল নগরীতে খালগুলো ছিল পানি নিষ্কাশন ও নৌ-যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে অধিকাংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। নীচে নেমে  গেছে পানির স্তর। সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বাসস প্রতিনিধিকে বলেন, এভাবে জলাশয় হারিয়ে যেতে থাকলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পূনর্ভরণ ও অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে দিন দিন জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বাসস’কে বলেন, একসময় বরিশাল জেলায় বিপুলসংখ্যক পুকুর ও ডোবা ছিল। নগরায়ণের ফলে অধিকাংশই ভরাট হয়ে গেছে। উল্লেখযোগ্যসংখ্যক পুকুর, ডোবা ও খাল দখল হয়ে গেছে। বর্তমানে বরিশাল নগরীর অধিকাংশ খাল মৃতপ্রায়। ৪৬টি খালের মধ্যে মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে। সেগুলোও ময়লা-আবর্জনায় ভরপুর। তিনি বলেন, বর্তমান সরকার খাল খননের পাশাপাশি পুকুর ও ডোবা রক্ষায় কাজ করছে। তবে জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকি জরুরি।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা শাখার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, জলাশয় সংকট ও জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিনি বলেন, ৭৩০ কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।

বিলকিস বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতির আলোকে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও শহরাঞ্চলের উন্নয়নমূলক কাজ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বরিশাল মহানগরীর উন্নয়নে এ প্রকল্প অনুমোদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল জেলাকে নিজের জেলা মনে করতেন। তাঁর যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও বরিশালের উন্নয়নে আন্তরিক ছিলেন। তাঁর হাত ধরেই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন ও বিমানবন্দর প্রতিষ্ঠাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।

তিনি বলেন, জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উন্নয়নে তাঁর আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews