
নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাঁদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে এবং ২০২৭ সালের ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের অবসর কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন, উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী তাঁদের অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রথম দুজন বর্ধিত মেয়াদি কমিশনে এবং বাকি তিনজন স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত ছিলেন। বিধি অনুযায়ী অবসরে যাওয়া এই পাঁচ কর্মকর্তা তাঁদের সব ধরনের অবসরজনিত সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।