নিজস্ব প্রতিবেদক // রাজধানীর শাহবাগ থানায় ডেকে নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্রলীগ। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। তবে এ ঘটনায় এখনো কেন্দ্রীয় নেতারা কোনো মন্তব্য করেননি।
নিজেদের ক্ষোভের কথা তুলে ধরে কেন্দ্রীয় নেতা সোলায়মান ইসলাম লিখেছেন, ‘পুলিশের পরকীয়ার জেরে রক্তাক্ত ছাত্রলীগ।’ ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক তাওহিদ বনি লিখেছেন, ‘এতিমদের সংগঠন ছাত্রলীগ।’
এডিসি হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তপু ফেসবুকে লিখেছেন, পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মনির হোসাইন লিখেছেন, ‘এডিসি হারুন একজন সন্ত্রাসী, বারবার পার পেয়ে যাওয়ায় সাহস বেড়ে গেছে। ঢাকা কলেজের অনেকগুলো ছাত্রের জীবন নষ্ট করেছে সে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার লিখেছেন, ‘ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। আহত নাঈমের ছবি শেয়ার করে ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ লিখেছেন, কেন এমন হলো, কী জন্য এমন হলো জানতে চাই। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা!’
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য রুশী চৌধুরী লিখেছেন, ‘আজ এটা কী হলো! আহারে ছাত্রলীগ!’ এদিকে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও এখনও চুপ ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ নিয়ে কোনো মন্তব্য করেননি এখনও। নেতারা এ ঘটনায় কোনো কথা না বলায় বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রহিম সরকার।
উল্লেখ্য, রাজধানীর শাহবাগ থানায় ডেকে নিয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে মারধর করেন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ।
আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ। এই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, শনিবার রাতে এডিসি হারুন এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সে সময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান।
সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে গিয়ে বেদম মারধর করেন হারুন।
এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।
এদিকে দুই নেতাকে ‘থানায় নিয়ে’ নির্মমভাবে মারধরের ঘটনায় হারুন অর রশিদকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে রাজপথে নেমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে নেতারা।








