
বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাইয়ে দেশব্যাপী আলোচিত শিশু তুবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সহায়তায় বিদ্যালয়ে ফিরেছে। গত চার মাস ধরে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানিয়েছে তুবার পরিবার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে ইউএনও মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবাকে পৌঁছে দেন। এসময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়।
মিশু তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, আমার মেয়ে তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। নানাবিধ কারণে গত চার মাস ধরে স্কুলে যেতে পারছিল না। অবশেষে ইউএনও স্যারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, এতদিন তুবা স্কুলে যেতে পারেনি- বিষয়টি দুঃখজনক। তাই আমি নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে ব্যাপক মারধর করা হয়। এসময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার ৯ বছরের শিশুকন্যা তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাওয়ায়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ব্যাপক ভাইরাল হয়।