
নিজস্ব প্রতিবেদক // রাজশাহীতে একটি মামলায় জামিন পেয়েই আদালত চত্বরে প্রতিপক্ষ আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। হামলায় ইয়ামিন আলী নামের এক আইনজীবীর মাথা ফেটে গেছে। প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আদালত চত্বরের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি।
আজ রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের কয়েকজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আইনজীবীর করা একটি মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন পান অভিযুক্তরা। জামিনের পর আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরেন কয়েকজন। এরপর তারা একযোগে তার ওপর হামলা চালান। এ সময় এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি।
পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের কয়েকজনকে ধরে পিটুনি দেয়। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনজীবী ইয়ামিনকে যখন মারধর করা হচ্ছিল তখন আশেপাশে সাধারণ মানুষ ছাড়াও অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। কিন্তু তারা কেউই তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। সাধারণ মানুষ ও স্থানীয় দোকানদাররা হামলাকারীদের ধাওয়া করে ধরে ফেলে।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। রোববার ওই মামলায় অভিযুক্তরা আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর তারা আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তিনি এঘটনার বিচার দাবি করেছেন।
এদিকে, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। মামলা করব।’
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।’