নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।
পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








