
নিজস্ব প্রতিবেদক // পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের সম্পর্ককে বিভাজন ও সংঘাতের সম্পর্কে রূপ দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলাবিষয়ক দপ্তর এ কর্মশালার আয়োজন করে।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মুসলমানদের নিজস্ব সমাজরীতি, সামাজিকতা ও সংস্কৃতি রয়েছে। ইসলামপ্রভাবিত প্রাচ্য সমাজে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের। পবিত্র কোরআনে আল্লাহ নারী ও পুরুষকে একে অন্যের পোশাক হিসেবে উল্লেখ করেছেন। এ সম্পর্কের ভিত্তি সম্মান, দায়িত্ববোধ, সহযোগিতা ও সহমর্মিতা।
তিনি আরও বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার ও সমাজ বিকশিত হয়েছে। কিন্তু পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষকে আলাদা শ্রেণিতে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে সংঘাতের সম্পর্কে পরিণত করেছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলাবিষয়ক সম্পাদক শেখ মু. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।
সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য নিম্নতম মজুরি নির্ধারণেরও আহ্বান জানান তিনি।