
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন ক্ষুব্ধ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে।
সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজ প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে রেজিস্ট্রারের সঙ্গে এক বৈঠক শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষকদের এই কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে অনেক কর্মচারীও তালা লাগানোর কাজে অংশ নেন।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অদক্ষতা ও একাডেমিক জটিলতার প্রতিবাদে শিক্ষকদের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়েছে। অন্যদিকে, সহযোগী অধ্যাপক ধীমান কুমার রায় বলেন, “আমরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করছি। বোর্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছয় মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং ভয়াবহ শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা কঠোর হতে বাধ্য হয়েছি।” ইতোমধ্যে প্রশাসনিক পদ থেকে তিনজন শিক্ষক পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।
শিক্ষকদের এই অবস্থানকে ‘আইনবিরোধী’ আখ্যা দিয়ে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শিক্ষকরা কর্মবিরতি পালন করতে পারেন, কিন্তু প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করা আইনের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জরুরি দাপ্তরিক কাজ, ফল প্রকাশ ও একাডেমিক সিদ্ধান্ত স্থগিত হয়ে পড়ায় দীর্ঘমেয়াদী সেশনজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।