
নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার কদমতলী থানার আওতাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশ সুপার মহোদয় এ.জেড.এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।