নিজস্ব প্রতিবেদক // বরিশালে পিকআপভ্যানের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পালিয়ে গেছে আরও দুইজন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত বারোটা থেকে ১টা পর্যন্ত বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে অভিযানকারী দল তাদের পিছু ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে আটককৃতের স্বীকারোক্তিমতে, পিকআপ ভ্যানের পেছনের তলায় বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০টি পলিথিনের পোটলা থেকে তিন কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে পালিয়ে যাওয়া অন্য দুইজন হলো, নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) এবং রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)।
বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।