নিজস্ব প্রতিবেদক // ঢাকার ধামরাইয়ে এক বিএনপি নেতার কাণ্ড দেখে হতবাক জনতা। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় ওই বিএনপি নেতা প্রেমিকার চুল ধরে মহাসড়কের ওপর ফেলে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
পরে ৯৯৯-এ কল দিয়ে রক্ষা পান ওই প্রেমিকা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত সোহেল হায়দার চৌধুরী কবীর ধামরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিথা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল হায়দার চৌধুরী কবীর বিবাহিত হলেও তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
বেশ কিছু দিন ধরে ওই বিএনপি নেতা তরুণীকে উপেক্ষা করে তার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। পরে ওই প্রেমিকা মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাথহলী বাসস্ট্যান্ড এলাকায় আসেন ওই বিএনপি নেতার সঙ্গে দেখা করতে।
এর পর তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রেমিকার মাথার চুল ধরে টেনেহিঁচড়ে মহাসড়কের ওপর তাকে মারধর করে এবং মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন ধরনের যানবাহন জমে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে কয়েকজন সাংবাদিক পুলিশের ট্রিপল নাইনে ফোন দিলে ওই প্রেমিকা কোনোমতে প্রাণে রক্ষা পান। এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি নেতা সোহেল হায়দার বলেন, আমার মেজাজ ঠিক ছিল না। তাই রাগ সামাল দিতে পারিনি। এ ছাড়া মেয়েটি আমার এলাকায় এসে আমার মানসম্মান নষ্ট করেছে। কাজেই আমি এমন আচরণ করতে বাধ্য হই। তা ছাড়া ওই মেয়েটিও আমাকে মারধর করেছে।
ওই প্রেমিকা বলেন, উনি আমার খোঁজখবর নিলে উনার এলাকায় কোনো দিন আসতাম না। এসে তো মৃত্যুর দুয়ার থেকে কোনোমতে বেঁচে গেছি। এ ব্যাপারে এসআই তামিমা বলেন, ঘটনাটি অমানবিক। এমন ঘটনা কারও কাছ থেকে কাম্য নয়।








