
নিউজ ডেস্ক।।
বরিশাল নগরীতে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল নগরীর বাংলাবাজার, বিবির পুকুর পাড়, শীতলাখোলা, মুন্সি গ্যারেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
অভিযানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে তল্লাশি ও নজরদারি চালানো হয়।
বিএমপি জানায়, মহানগরজুড়ে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মাসহ কোতোয়ালি মডেল থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।