
বুধবার সকাল ১০টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে।
নিহত নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।
নাঈমের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রেমের টানে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হত না।
নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় তার ছেলের বউ বিজুরী আক্তার তার ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই। এ ঘটনায় নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।