1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬৩ বছর ধরে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন রমনী কান্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৬৩ বছর ধরে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন রমনী কান্ত

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে

মন্দিরের পাঠশালায় প্রথমে বাবা এবং পরে ছেলের ‘হাতেখড়ি’ দিয়েছেন রমনী কান্ত বেপারি। সেই একই পাঠশালায় এখন আরেক প্রজন্মেরও পড়াশোনার শুরু হচ্ছে তার হাত ধরেই। এজন্য অবশ্য কারও কাছ থেকে কোনো পারিশ্রমিক নেন না রমণী কান্ত। অভিভাবকরা নিজেদের আর্থিক আবস্থা বুঝে মাস শেষে যা দেন তাতেই খুশি তিনি।

এভাবেই দীর্ঘ ৬৩ বছর ধরে গ্রামের কঁচি-কাচা, ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের রাখাল বেপারীর ছেলে রমনী কান্ত বেপারি। এই অসামান্য অবদানের জন্য জীবনের শেষ প্রান্তে এসে তাকে গুণী শিক্ষক সম্মাননা দিচ্ছে সরকার।

সরেজমিন দেখা যায়, রাংতা সার্বজনীন দুর্গা মন্দির আঙিনার পাঠশালায় শিশু শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে আসছেন রমনী কান্ত বেপারি। সপ্তাহের শুক্রবার বাদে বাকি ছয়দিনই সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পাঠদান করেন তিনি। এভাবেই দেখতে দেখতে মহান এই পেশায় তার কেটে গেছে প্রায় ৬৩ বছর। বর্তমানে তার পাঠশালায় শিক্ষার্থী রয়েছে ২০-২৫ জন।

জানা গেছে, ১৯৭১ সালের পূর্বে স্কুল ছাত্র থাকাবস্থায় এলাকার গরিব-অসহায় পরিবারের সন্তানদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাইভেট পড়ানো শুরু করেন রমনী কান্ত বেপারী। ১৯৭৩ সালে এসএসসি পাস করার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরির সুযোগ আসে তার। কিন্তু ছোট ছোট ছেলে-মেয়েদের মায়ায় পড়ে চাকরির সুযোগ স্বেচ্ছায় হাতছাড়া করেন তিনি। রমনী কান্তের কাছে হাতে খড়ি দেওয়া অনেক শিক্ষার্থীই এখন দেশের বড় বড় এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থীর অভিভাবক শিপ্রা পাত্র বলেন, ‘আমার মেয়েকে পড়িয়েছেন রমনী স্যার। বয়স হয়ে গেলেও স্যার এখনো অত্যন্ত দক্ষ এবং যত্ন সহকারে ছেলে-মেয়েদের পড়ান।’

আরেক অভিভাবক কমল মন্ডল বলেন, ‘স্যারের কাছে আমার বাবা হাতে খড়ি নিয়েছে। পরে আমিও পড়েছি। আমার সন্তানকেও পড়িয়েছি। আমার সন্তান এখন স্কুলে পড়ে। কিন্তু এখনো রমনী স্যারের পাঠশালার মায়া ছাড়তে পারেনি।’

জানা যায়, স্ত্রী রুম্পাকে নিয়ে রমনী কান্ত বেপারির সংসার। একমাত্র ছেলে তাপস বেপারি চাকরি করেন বেসরকারি একটি কোম্পানিতে। বাড়িতে একটি দোচালা টিনের ঘরে তাদের বসবাস। রমনী কান্ত বেপারির কিছু কৃষি জমি ‍আছে। এছাড়া সরকারিভাবে বয়স্ক ভাতা পেয়ে থাকেন তিনি।

রমনী কান্ত বেপারি বলেন, ‘ছোট ছোট ছেলে-মেয়েদের পড়িয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের স্বজনরা যা দেয় তাতেই চলে যায়। জীবনের শেষ মুহূর্তে এসেছি। এখন সরকার আমাকে গুণী শিক্ষকের যেই সম্মাননা দিচ্ছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রধানমন্ত্রীর এই সম্মাননার প্রতি সম্মান জানিয়ে যতদিন বেঁচে আছি, এ পেশায় থেকে মরতে চাই। এতেই আমার শান্তি।’

রাংতা সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রনজিত বৈদ্য বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের অনেক আগেই মন্দিরের আঙিনায় গ্রামের শিশু-কিশোরদের জন্য পাঠশালা চালু করেন রমনী কান্ত বেপারী। দেখতে দেখতে প্রায় ৬৩ বছর কেটে গেছে। তার কারণে এলাকার গরিব অসহায় পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে।’

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘শিক্ষক রমনী কান্ত বেপারির বিষয়টি আমি কিছুদিন আগেই জেনেছি। আমি তার পাঠশালা পরিদর্শন করেছি। তিনি সরকারি সহযোগিতা অর্থাৎ, বয়স্ক ভাতা পান। সবচেয়ে খুশির বিষয় হলো, এবারের বিশ্ব শিক্ষক দিবসে যেই ১০১ জন গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন তাদের মধ্যে একজন রমনী কান্ত বেপারি। প্রধানমন্ত্রী তাকে সম্মাননা প্রদান করবেন। এটা তার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews