
নিজস্ব প্রতিবেদক // বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না। তাই জনগণকে তাদের সঙ্গে দেখা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপু মনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মুহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
দীপু মনি বলেন, বিএনপি কার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করছে? কাকে নিয়ে করছে? অসহযোগ মানে তো নাশকতা নয়। অসহযোগ মানে কি ট্রেনে-বাসে নারী-শিশু পুড়িয়ে হত্যা করা? যারা এই সমস্ত নাশকতা করে, তারা অসহযোগ মানে বোঝে না। অসহযোগ করার সুযোগও নেই তাদের।
তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধীজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন। সফল অসহযোগ এগুলোই। আর তারা (বিএনপি) কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ করছে। ২-৫ জন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে এবং নাশকতা করে।
শিক্ষামন্ত্রী বলেন, অসহযোগ মানে কিন্তু নাশকতা নয়। অসহযোগ মানে ট্রেনে আগুন দিয়ে শিশু-নারী হত্যা করা নয়। যারা এই নাশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বোঝে না। অসহযোগ করার তাদের কোনো সুযোগও নেই, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ ছাড়া অসহযোগ করা যায় না।
তিনি বলেন, সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তারা ইতিহাস বিকৃতকারী, সে কারণে তারা ইতিহাসও বোঝে না।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টুসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো চার দফায় পাঁচ দিন হরতাল এবং এগারো দফায় ২২ দিন অবরোধ কর্মসূচি পালন করে। পরে গত ২০ ডিসেম্বর বুধবার সরকারের বিরুদ্ধে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনে’র ডাক দেয় বিএনপি।