গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।
গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। স্থানীয়ভাবে এটি ‘চান্দের গাড়ি’ নামে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যেই গাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
গাড়ির মালিক মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটি একই স্থানে রাখা ছিলো। আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এটি দুর্ঘটনাবশত বা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা হলে আগেই ঘটতে পারত।
তবে তার ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।