1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, স্থগিত হচ্ছে সরকারি বরাদ্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, স্থগিত হচ্ছে সরকারি বরাদ্দ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার জেরে গত ৯ দিন ধরে গোপালগঞ্জ জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই এবার জেলাটির অধিকাংশ গ্রাহকের মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশ, নগদ ও রকেটের মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। হঠাৎ এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ এলাকায় অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতে এই সেবা বন্ধ করা হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতার আশঙ্কায় জেলাটির পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম এখনই চালু না করার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আসন্ন কিস্তির অর্থ বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, পুলিশ তদন্তে দেখতে পেয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। বিভিন্ন জেলার পলাতক ও নাশকতাকারীরা গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মসূচি বাস্তবায়নে এমএফএস মাধ্যম ব্যবহার করে সেখানে অর্থ পাঠানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতেই সাময়িকভাবে এ সেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবাটি পুনরায় চালু করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারীর হিসাব এমএফএস প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে পারে। সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেগুলো বন্ধ করা হয়েছে। এটি প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।”

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানগুলোতে ভুক্তভোগী গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়। অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর দোকানে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে এসেছেন। টাকা তুলতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন।

ভুক্তভোগী ধীমান বিশ্বাস জানান, বাজার করার জন্য তাঁর বোন বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন, কিন্তু অ্যাকাউন্ট বন্ধ থাকায় তিনি টাকা তুলতে পারেননি।

অন্যদিকে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী তামান্না তাহা জানান, আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। রকেট অ্যাকাউন্ট বন্ধ থাকায় তিনি আবেদনের ফি পরিশোধ করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

এ ছাড়া ঢাকায় কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশসহ অনেক শিক্ষার্থী ও চাকরিজীবী কোনো সন্দেহজনক লেনদেন ছাড়াই তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে ওই দুই থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্থানীয়রা অনুরোধ জানালেও নিরাপত্তা ও অবকাঠামোগত কারণে থানা দুটি শিগগিরই চালু করা সম্ভব হচ্ছে না।

পাশাপাশি গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি উন্নয়ন বরাদ্দও স্থগিত থাকছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে যে অর্থসহায়তা দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের জন্য আগামী জানুয়ারি থেকে মার্চ মেয়াদের (তৃতীয় কিস্তি) অর্থছাড় আপাতত বন্ধ থাকবে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার নামে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন চলাচল পুনরায় চালু এবং উন্নয়ন বরাদ্দ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।

গত ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে ঢুকে পড়ায় ভবিষ্যৎ হামলার আশঙ্কায় গতকাল ফেসবুকে বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানিয়ে ওজোপাডিকো বলেছে, এতে পুরো জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে সবারই ক্ষতি হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে পুলিশের সাঁজোয়া যানে অগ্নিসংযোগ, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং বিএনপিদলীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

নাশকতার আশঙ্কায় গত ১৯ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ রেখেছে রেলওয়ে। এতে যাত্রীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি এড়াতে ওই দুটি ট্রেনের বগি ব্যবহার করে আগামী ২৮ নভেম্বর থেকে ‘খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা’ বিকল্প রুটে এক জোড়া ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চল দপ্তর। প্রস্তাবটি অনুমোদিত হলে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন এড়িয়ে চলাচল করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews