1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তুলাতলী নদীর পাড়ে ময়লার ভাগাড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তুলাতলী নদীর পাড়ে ময়লার ভাগাড়

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
বাংলাদেশের অন্যতম নদীবহুল উপজেলা বরিশালের বাকেরগঞ্জ। ১০টি নদী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর তুলাতলী নদীর সঙ্গে উপজেলার শ্রীমন্ত, কারখানা, তেঁতুলিয়া, বিষখালী, পায়রা,পাণ্ডব, গোমা, রাঙ্গাবালিয়া ও খয়রাবাদ নদীর সঙ্গে প্রতিদিন জোয়ার ভাটা চলে। তুলাতলী নদীর কোণ ঘেঁষে গড়ে উঠেছে বাকেরগঞ্জ বন্দর উপজেলা শহর।

সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জ বন্দরের পুরাতন লঞ্চঘাট টার্মিনালের পাশে তুলাতলী নদীতে পলিথিন, আশপাশের বাড়িঘরের ময়লা-আবর্জনা, বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লার ভাগাড় ও ওষুধের বোতল, প্যাক, সুইসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ-বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। অতিরিক্ত সব বর্জ্যই লঞ্চঘাট টার্মিনালের পাশ থেকে নদীতে ফেলা হয়। এসব বর্জ্যে তুলাতলী নদী দূষণের পাশাপাশি বায়ু দূষণও হচ্ছে এবং এই দূষণ তুলাতলী নদী থেকে শুরু করে পুরো উপজেলার বিভিন্ন নদীতে ছড়িয়ে পড়ছে।

এক সময় তুলাতলী নদীই ছিল বাকেরগঞ্জের প্রাণ। এ নদী দিয়ে বাণিজ্যিকভাবে মালামাল আদান-প্রদান করা হতো। তবে দিন দিন নদীটি গুরুত্ব হারাচ্ছে। খুব বেশি দিন আগের কথা নয়, তখন এ নদীতে সারা বছর মানুষ গোসল, নামাজের জন্য অজু ও নৌকা চালাচল করত। এখনো বন্দরের শত শত পরিবারের লোকজন নদীতে গোসল করেন। এক সময় নদীতে মাছ পাওয়া যেত অনেক। সেই টলমল পানি এখন নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে প্রতিনিয়ত। মূলত জনসাধারণের অসচেতনতার জন্যই প্রতিনিয়ত টার্মিনালের পাশ থেকেই নিক্ষেপ করেন বর্জ্য। প্রচুর পরিমাণে বর্জ্য ফেলার কারণে নদীর পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এখন নদীর পানি দূষিত হওয়ার কারণে মাছ পাওয়া যায় না বরং উল্টো স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটায় নদীপাড়ে বসবাসরত হাজারো মানুষ। এ ছাড়াও নদীতে দূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

উপজেলায় দিন দিন বাড়ছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। কোথাও রাস্তার ধারে পড়ে আছে প্লাস্টিকের বোতল, কোথাও পলিথিন বর্জ্য, কোথাও নর্দমায় ভাসছে। বাজারও সয়লাব পলিথিনে। আইন থাকলেও প্লাস্টিকের ব্যবহার বন্ধে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। উল্টো দিন দিন বাড়ছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। এর বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে পরিবেশবান্ধব পদ্ধতির ঘাটতি। ফলে স্থলে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য নষ্ট করছে মাটির গঠন। নদী থেকে মাছের পেটেও যাচ্ছে। সব মিলিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে মানুষ ও প্রকৃতি।

বাকেরগঞ্জ বন্দরের ব্যবসায়ী মাহাতাব বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই এই নদীতে গোসল করেছি। রান্নার কাজসহ নিত্যপ্রয়োজনীয় কাজে তুলাতলী নদীর পানি ব্যবহৃত হত পাঁচবছর আগেও। এখনো বন্দরের শত শত পরিবার এই পানিতে গোসল করছে। তবে এখন বিভিন্নরকম রোগে আক্রান্ত হচ্ছে নদীর পানি ব্যবহার করে। সরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে না পারে তাহলে ভবিষ্যতে চরম ঝুঁকিতে পড়বে উপজেলার হাজার হাজার মানুষ।’

বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, ‘পৌর এলাকায় ময়লা, আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে এবং পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম রাখা হয়েছে। তবে কে বা কারা রাতের অন্ধকারে নদীতে ময়লা, আবর্জনা ফেলে তা আমাদের জানা নেই। তবে নদী দূষণমুক্ত রাখা আমাদের সবার উচিত। পৌর এলাকায় নিদিষ্ট স্থানের ময়লা, আবর্জনা প্রতিদিন পরিষ্কার করা হয়। আমরা সবাই সচেতন হলেই নদী দূষণ থেকে মুক্ত হবো।’

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল বলেন, ‘নদীতে ময়লা ফালানোর বিষয়টি আমি পৌরসভাকে জানাব এবং আমরাও উদ্যোগ গ্রহণ করব। নদীতে যেন ময়লা না ফেলা হয়। নদী দূষণমুক্ত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews