1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিলুপ্তির পথে ধামরাইয়ের মৃৎশিল্প - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিলুপ্তির পথে ধামরাইয়ের মৃৎশিল্প

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি // কালের আবর্তে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে কয়েকশ বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। অর্থের সংকট আর সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে হুমকির মুখে এ মৃৎশিল্প। এক সময়ের ঐতিহ্যবাহী এ শিল্প আজ আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক সামগ্রীর প্রসারের কারণে বিলুপ্তির পথে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার ধামরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের কাগুজিপাড়ার পালপাড়া এলাকায় দেখা যায় মৃৎশিল্পীদের কাজ। মৃৎশিল্পীদের মধ্যে অধিকাংশ পাল বংশের। প্রাচীনকাল থেকেই পাল বংশের লোকেরা এ শিল্পকে তাদের প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছিল। পড়াশোনা না জানলেও মৃৎশিল্পের কাজে বেশ পারদর্শী ছিল পাল বংশের লোকজন। এখানে প্রায় ২০০টি পরিবার এ পেশার সাথে জড়িত ছিল।

বর্তমানে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা আর আগের মতো নেই। মাটির জিনিসপত্রের স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্র। ফলে বিক্রেতারা মাটির জিনিসপত্র আগের মতো ব্যবহার করে না। ফলে মাটির তৈরি পণ্যসামগ্রী তৈরি ও বিক্রি কমে যাচ্ছে। অনেকে বাপ-দাদার পুরনো পেশা বাধ্য হয়ে পরিবর্তন করছে। একদিকে মাটির তৈরি পণ্যের চাহিদা কম থাকায় অনেক মৃৎশিল্পী তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছেন।

মৃৎশিল্পী মহাদেব পাল বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার কমে যাচ্ছে। এ কারণে বেশির ভাগ মৃৎশিল্পীরা তাদের পেশা পরিবর্তন করছে। ঠিকমতো আমাদের সংসারই চলে না। যাদের জীবিকার একমাত্র অবলম্বন মৃৎশিল্প তাদের জীবন-যাপন একেবারেই কষ্টসাধ্য হয়ে পড়েছে। দুঃখ-কষ্টের মথ্যে দিন কাটলেও আমরা যারা মৃৎশিল্পের সাথে জড়িত তারা নতুন স্বপ্ন দেখেন। একদিন কদর বাড়বে মাটির পণ্যের। সুদিনের আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। পরিবারের নারী, পুরুষ, শিশুরাও কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি যদি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পাই তাহলে এখনও এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প পেশাকে টিকিয়ে রাখা সম্ভব।

এখন কি কি জিনিস তৈরি করেন এমন প্রশ্নে আভা রানী পাল বলেন, মাটির তৈরি বিভিন্ন আকারের কলস, হাড়ি, ভাতের সানকি, শরা, ফুলের টব, টাকা জমানোর ব্যাংক, চায়ের কাপ, পূজার জন্য কিছু বিগ্রহ তৈরি করি। তবে চাহিদা শুধু টবের। এলাকার বাজারে বিক্রি হয় না। ঢাকা থেকে সাহেবরা এসে অর্ডাল করলে সেই অনুয়ায়ী তৈরি করি।

এছাড়াও বাড়িঘরের সৌন্দর্য বর্ধনের জন্য মাটি দিয়ে ফুলদানী এবং ছোট বাচ্চাদের জন্য খেলনা হিসেবে হাতি, ঘোড়া, বাঘ, হরিণ, সাপ, বিভিন্ন ধরনের পাখি তৈরি করে থাকি।

কিভাবে এগুলো তৈরি করেন জানতে চাইলে সুবাস পাল বলেন, প্রথমে মাটি দিয়ে তৈরি করি। পরে এক সপ্তাহ শুকানো হয়। এরপর রং করা হয়। রং করার পরে পোড়ানো হয়। তখন সুন্দর বাহারি রং ধারণ করে।

মোহাম্মদ একরামুল হক নামে এক মৃৎশিল্পী বলেন, আমি ২২ বছর ধরে এখানে কাজ করি। শুরুতে যে জমকালো ব্যবসা ছিল এখন তা নেই। নিজের চোখের সামনেই মৃৎশিল্পের বিলুপ্তি দেখছি। নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় মাটি সংগ্রহ করতে খরচ অনেক বেশি। কিছু দিন আগেও মাটির পণ্যগুলো নৌকায় দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এতে খরচ কম পড়তো। কিন্তু নৌপথে যোগাযোগ ভালো না থাকায় এখন আর পাঠানো যায় না। মাটির জিনিস অনেক সময় ভেঙে যায়। এ কারণে আমাদেরকে লোকসানের মুখে পড়তে হয়।

 

গোপাল পাল বলেন, যদি সরকার আমাদের সুদ বিহীন ঋণের ব্যবস্থা করে দিতো তাহলে আবার ব্যবসা নতুন করে চালানো যেত। পুঁজি না থাকায় অনেকে পেশার পরিবর্তন করছে। আগে ছেলে মেয়েরা পড়াশোনা না করে মাটির কাজ করতো। এখন পড়াশোনা করে চাকরি করছে। অপরদিকে এই শিল্পও ভালো নেই।

আগে শত শত মানুষ মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। এখন শিল্পীর সংখ্যা নগণ্য। সংসার চালাতে অনেক কষ্ট হয়। তাই মৃৎশিল্পীরা তাদের জন্মসূত্রে পাওয়া পেশা পরিবর্তন করে চাকরি করছে।

কাগুজিপাড়া মহল্লায় চায়ের দোকানে শাহাবুদ্দিনসহ একাধিক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হয়। তারা বলেন, আগে ভোর রাতে মাটির জিনিসপত্র পোড়ানোর গন্ধ পাওয়া যেত। সারাদিন শত শত মানুষ কাজ করতো। তাদের কদরও ছিল। এখন সেই দিন নাই। এখন কয়েকজন শিল্পী কাজ করছেন। বেশির ভাগই তাদের পৈত্রিক পেশা বদল করছেন। মাটির জিনিসপত্র মানুষ কেনে কম।

এ ব্যাপারে কথা হয় ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসানের সাথে। মৃৎশিল্পীদের জীবন মান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর কোন কাজ করছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কুমার পেশায় নিয়োজিত প্রাথমিকভাবে ধামরাইয়ের সব মৃৎশিল্পীদের ডিজিটাল ডাটাবেজ করা হয়েছে। কয়েকদিন এই পেশার মানোন্নয়ন ও বাজার সৃষ্টি সম্প্রসারণের ওপর জোর দিয়ে ৫ দিন ব্যাপী সফট স্কিল ট্রেনিং দেয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে ১৮ হাজার টাকা করে এক কালীন অনুদান বিতরণ করা হয়েছে। এই পেশায় অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews