
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনিবন্ধিত একটি কারখানার ড্রাম বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত বিল্লাল হোসেন (৪৫) ওই এলাকারই বাসিন্দা। আহতরা হলেন- মো. সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ।
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে জ্বালানি তেল তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত বিল্লাল মুন্সি লুকিয়ে কারখানায় প্লাস্টিকের জিনিস পুড়িয়ে পেট্রোল তৈরি করতো। আগুন ধরানোর সময় ড্রামটি আকষ্মিকভাবে বিস্ফরিত হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মুন্সির মৃত্যু হয়।
লতিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আর সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভালুকা স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, প্লাস্টিক পুড়িয়ে ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডিজেল তৈরি করা হত ওই কারখানায়। ডিজেল রাখার একটি ড্রামে বিস্ফোরণ হয়েছে সেখানে।
“বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয়ভাবে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন তৈরির কারখানা দেশের বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে। খুলনা, পিরোজপুর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, নওগাঁয় এ ধরনের কারখানা আছে। এর মধ্যে খুলনার প্রজেক্টটি বেশ বড়। সিটি করপোরেশনের উদ্যোগে ওই পাইলট প্রকল্পে পরিবেশ অধিদপ্তরেরও সহায়তা রয়েছে।