
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ গ্রামে এক পক্ষের হামলায় আরেক পক্ষের ৭জন জখম হয়েছে। আহতরা হলেন মোঃ আকাশ (৩৫) মোঃ রহমান (২৫) মোঃ জসিম বয়াতি (৩০) মোঃ সেলিম মাতুব্বার (৩২) মোঃ মোশারফ হাওলাদার (৩০); মোঃ লাল চান (২৭)। আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল ৪টার সময় চরভোলানাথ বাশতলা ব্রিজঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে তাদের একটি মামলা রয়েছে। ঘটনার দিন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেই মামলার আসামীদের ধরতে এলাকায় যান। পুলিশ আসামীদের না পেয়ে ফিরে যান। পুলিশ যাওয়ার সাথে সাথে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। আহতদের অভিযোগ তাদের উপর হামলা করেছে একই গ্রামের ছলেমান দর্জি, সুমন দর্জি, সাকিল দর্জি, শাহে আলম মৃধা, হুমায়ূন মৃধা, রাব্বি মৃধা, কামাল হাওলাদারসহ ১০-১২ জনে। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। অভিযুক্তদের একজন বলেন পুর্বশত্রুতার জেরে আমাদের গালমন্দ করলে আমরা প্রতিবাদ করি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সকালে অভিযোগ করতে এসে দুই পক্ষই সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।