
গৌরনদী প্রতিনিধি
কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ পলাশ হোসেন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম শর্ত। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই কন্যাশিশুর আত্মবিশ্বাস ও সক্ষমতা বিকাশের পথ সুগম করা সম্ভব।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষ হয়