1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:

উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার-প্রসার, ব্যবসায়িক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন খান মঈন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

২০০৭ সাল থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে চ্যানেল আইয়ের উন্নয়ন, বাজার সম্প্রসারণ, জনসংযোগ এবং বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মহিউদ্দিন খান মঈন। উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের কার্যক্রম বিস্তারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের খবর, সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতেও তাঁর সাংগঠনিক অবদান রয়েছে।

‘প্রবাস সংবাদ’, ‘ইউএসএ সংবাদ’সহ আইন ও অভিবাসন, ট্যাক্স, রিয়েল এস্টেট, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানগুলোর প্রচার ও প্রসারে তিনি ভূমিকা রাখছেন। একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রবাসী দর্শকদের কাছে তুলে ধরার উদ্যোগেও যুক্ত রয়েছেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান, সংগীত পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলাম। সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলাম এবং পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদকেও সম্মাননা দেওয়া হয়।

মাইনুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।

অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যম নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির দ্বৈত সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীত ও অভিনয়শিল্পী, ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মাননা প্রদান, সংগীত পরিবেশনা ও প্রবাসীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews