আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে মোঃ খাদেমুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত (১৩ মে) রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোঃ খাদেমুল ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি যুবক কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসলেও কিছু দূরে এসেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় । পরে স্থানীদের সহযোগীতায় তার সাথের লোকজন তাকে উদ্ধার করে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলেন লাশ লালমনিরহাট মর্গে নেয়া হয়েছে।ময়নাতদন্ত শেষে তার তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।