বানারীপাড়া // বরিশালের বানারীপাড়ার রাজনীতির মাঠে এক পরীক্ষিত, সংগ্রামী ও সাহসী নেতার নাম আব্দুস সালাম। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে জনগণের পাশে থেকেছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৭ সালে বানারীপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুস সালামকে বারবার রাজনৈতিকভাবে হেনস্থা করা হয়েছে। তাকে লাঞ্ছিত ও অপমানিত করার পাশাপাশি তার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে একাধিকবার। তবে কোন কিছুই তার মনোবল ভাঙতে পারেনি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাকে বানারীপাড়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর শীতার্ত, গরিব ও দুঃখী মানুষদের জন্য কম্বল বিতরণের উদ্যোগ নেয় ব্লাড ব্যাংকটি। কিন্তু তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি এই উদ্যোগে বাধা সৃষ্টি করে এবং মানবিক এই প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে তালা মেরে দেয়। কিন্তু এখানেই থেমে থাকেননি আব্দুস সালাম। মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব মনে করে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেই বসে শুরু করেন কম্বল বিতরণ কার্যক্রম। শত বাধা, হুমকি ও অপমান সত্ত্বেও তিনি সেই সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আব্দুস সালামের এই সাহসিকতা, মানবিকতা এবং দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আজও বহু মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।