শুক্রবার (১৫ মে) দিনগত রাত ২ টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. রিমন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ডাকাত সদস্যরা ঘরের দরজার নিচ থেকে গুলি ছুড়লে বাড়ির মালিক রিমনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে চার থেকে পাঁচ জন ডাকাত ঘরে ঢুকে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রিমনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।