
মুন্না খান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজার এলাকায় জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন এক ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেলিমাবাদ গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার ও মুসা হাওলাদারের স্ত্রী সালমা বেগম।
লিখিত বক্তব্যে তারা জানান, ২০২১ সালে তারা ১ শতাংশ জমি ২৫ লাখ টাকায় ক্রয় করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৬ আগস্ট আবুল খায়ের মৃধা, শাহেদ মৃধা, বাহাদুর মৃধা, মুন্না মৃধা, শাহাবুদ্দিন মৃধা ও শান্ত মৃধাসহ কয়েকজন লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে জমি ও দোকানঘর দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, স্থানীয়ভাবে একাধিকবার বিচার চেয়েও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তারা। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করা হয়।
এ বিষয়ে আলীমাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব ভূইয়া বলেন, “দখলের ঘটনা সত্য। আমরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না।”
আলীমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দীন মৃধা বলেন, “দখলকারী আমার ভাই হলেও আমি অন্যায়ের পক্ষে নই।”
অন্যদিকে যুবদল নেতা আসাদ আকন বলেন, “তারা বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছে। পুলিশ ডাকলেও তারা সাড়া দেয়নি।”
উল্লেখ্য, অভিযুক্ত শাহাবুদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের হস্তক্ষেপ কামনা করেছেন।