
ভোলার দৌলতখানে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মোসা. আখি আক্তার (১৮)-এর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে দৌলতখান থানাধীন উত্তর জয়নগর এলাকায় আসামির বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আখি আক্তারের শরীরে তরল এসিড নিক্ষেপ করা হয়। এতে তার গলা থেকে পেট পর্যন্ত শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় দৌলতখান থানায় এসিড অপরাধ দমন আইন, ২০০২-এর ৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর পুলিশ অভিযান চালিয়ে ২৩ সেপ্টেম্বর আসামি হাসনাইন আহাম্মেদ ওরফে মুসাকে গ্রেপ্তার করে।
এদিকে ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম আখি আক্তারকে দেখতে যান। এ সময় তিনি ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পুলিশ সুপার ভিকটিম ও তার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত ও আইনানুগভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।