1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জিয়াউলকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণার আবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জিয়াউলকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণার আবেদন

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণার আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন আবেদন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেছেন, ১১৫ জনকে হত্যার দায়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তার না থাকে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ আবেদন জানান চিফ প্রসিকিউটর।

যুক্তিতর্কে ‘পারসোনা নন-গ্রাটা’ শব্দবন্ধ ব্যবহারের ব্যাখ্যায় আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানকে শুধু সেনানিবাসে নয়, গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করার কথা বোঝানো হয়েছে। তার ভাষায়, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ এমন ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। তবে দোষী সাব্যস্ত করা ও দণ্ডের বিষয়ে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(এ) ধারায় অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই আইনি প্রেক্ষাপটেই জিয়াউলকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথা বলা হয়েছে। এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্যে জানিয়েছেন, জিয়াউল আহসানকে একসময় সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, যাতে তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। কিন্তু চিফ প্রসিকিউটরের বক্তব্য, সেনানিবাসের গণ্ডিতে নয়, এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।

একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন- ট্রাইব্যুনালে এমন প্রশ্নও তোলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে জিয়াউলের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তবে বর্তমানে তদন্তে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা চূড়ান্ত নয়; গুমের ঘটনায় তদন্ত চলমান থাকায় আরও হত্যার তথ্য বেরিয়ে আসতে পারে। যাদের হত্যা করা হয়েছে, তাঁদের কোনো অপরাধ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তিতর্কে আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকজন সেনা কর্মকর্তার ভূমিকা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। অথচ তারা রক্ষকের পরিবর্তে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যাদের মানুষের জীবন রক্ষার কথা, তাদের বিরুদ্ধেই মানুষকে তুলে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, সে বিষয়ে যুক্তিতর্কে তথ্য-প্রমাণ ও আইনি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষীদের সবাই জিয়াউলের সহকর্মী। তারা ঘটনার প্রত্যক্ষদর্শী; কেউ কেউ এসব অভিযানে সরাসরি অংশ নিয়েছেন। তাদের সাক্ষ্যেই হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে এসেছে।

সাক্ষীদের জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর বলেন, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তারও বেশি মানুষকে তুলে নেওয়া হতো। পরে ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী কিংবা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে হত্যাকাণ্ড আড়াল করতে নানা ধরনের ঘটনা সাজানো হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

তিনি বলেন, লাশ নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্য ছিল সেগুলোর কোনো সন্ধান না পাওয়া। পানিতে ভাসিয়ে দেওয়ার পর জলজ প্রাণীর কারণে অল্প সময়ের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ফলে হত্যার প্রমাণ মুছে ফেলা সহজ হতো। এরপরও তদন্তে ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। তারা হলেন নজরুল ও সজল।

প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও পারিপার্শ্বিক প্রমাণে টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

মামলার তিনটি অভিযোগে (চার্জে) মোট ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসান ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী ও বলেশ্বর নদী এলাকায় অভিযানে গেছেন। প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যার কথা জানিয়েছেন সাক্ষীরা। এ ছাড়া বিভিন্ন সময়ে আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগও তাদের বক্তব্যে এসেছে। তবে তদন্তে এখন পর্যন্ত ১১৫ জনের হত্যার তথ্য পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews