মেহেদী হাসান, ঝালকাঠি :ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, ম্যানেজারকে মারধর এবং নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— মিলন (৩০), পিতা-মো. দুলাল এবং মো. মিজান, পিতা-অজ্ঞাত, উভয় সাং-বিকনা, থানা ও জেলা-ঝালকাঠি। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১২টার দিকে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদকাঠি এলাকার মেসার্স সরদার এন্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত প্রবেশ করেন অভিযুক্তরা। এ সময় তারা দোকানের ম্যানেজারের শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাধা দিলে ম্যানেজারকে টেনেহিঁচড়ে বাইরে এনে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
পরবর্তীতে মারামারির একপর্যায়ে অভিযুক্তরা ম্যানেজা মোঃ শামীম হোসেনের প্যান্টের পকেট থেকে জোরপূর্বক নগদ ১ লাখ টাকা এবং বাম পকেট থেকে আরও ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মশিউর রহমান জানান, অভিযুক্তরা দুষ্কৃতকারী প্রকৃতির হওয়ায় যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়ে থানায় এসে এই অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।