1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধানমন্ত্রীর দেওয়া অসহায়ের ঘর পেল ইউএনও এসি ল্যান্ডের চাকর-বাকর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রধানমন্ত্রীর দেওয়া অসহায়ের ঘর পেল ইউএনও এসি ল্যান্ডের চাকর-বাকর

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিজের ভূমি আছে, থাকার ঘরও আছে, তাছাড়া আছে দোকান। এরপরও ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের গাড়িচালক বেলাল হোসেন সম্রাটের স্ত্রী তাসলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের গৃহপরিচারিকা পারভীন আক্তার।

সীতাকুণ্ড উপজেলার পৌর এলাকায় ‘গরিবের ঘর’ বরাদ্দ দিতে গিয়ে ইউএনও ও এসি ল্যান্ডের এমন স্বজনপ্রীতি নজিরবিহীন বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৬ হাজার ২২৯টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই তালিকায় সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর এলাকায় জমিসহ ৬টি সেমিপাকা ঘর ছয় পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এই ৬টি ঘরের মধ্যে একটি ইউএনও মো. শাহাদাত হোসেনের ব্যক্তিগত গাড়িচালক বেলাল হোসেন সম্রাটের স্ত্রী তাসলিমা আক্তার, একটি এসি ল্যান্ড মো. আশরাফুল আলমের গৃহকর্মী পারভীন আক্তার ও একটি নন্দ রানী দাসকে দেওয়া হয়। অপর ৩টি ঘর দেওয়া হয় রোশন আরা বেগম, হাসিনা আক্তার ও নাছিমা বেগমকে। শেষের তিনজন পূর্ব থেকেই ওই খাস জমিতে দখল সূত্রে অবস্থান করে আসছিলেন।

এদিকে ইউএনওর গাড়িচালক বেলাল হোসেন সম্রাটের স্ত্রীর নামে ঘর বরাদ্দের বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় তা সমালোচনার জন্ম দেয়।কারণ বেলালের যেমন পৈতৃক বাড়ি রয়েছে, তেমনি তার স্ত্রী তাসলিমারও পৈতৃক সূত্রে রয়েছে অঢেল সম্পত্তি।

এ ছাড়া কয়েক মাস আগে বেলালের সহোদর দুই ভাইকে প্রতিষ্ঠিত করতে সীতাকুণ্ড উপজেলা গেটের মতো জমজমাট ব্যবসায়িক কেন্দ্রে সড়ক ও জনপথের জায়গা দখল করে একটি দোকান নির্মাণেরও সুযোগ করে দেন ইউএনও মো. শাহাদাত হোসেন, যা শুভ হোটেল নামে চলছে।

এ ছাড়া ইউএনও তার অস্থায়ী গাড়িচালক বেলালকে স্ত্রী-পরিজনসহ বসবাসের স্থান করে দিয়েছেন উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত সরকারি কর্মকর্তার জন্য বরাদ্দকৃত বাসায়। এ নিয়েও উপজেলার সরকারি কর্মকর্তাদের মধ্যে চলছে কানাঘুষা।

একদিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ভাইদের জন্য দোকান, অন্যদিকে স্ত্রীর নামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ- এ যেন বেলাল ও বেলালের পরিবারকে প্রতিষ্ঠিত করে দেওয়ার অঘোষিত এজেন্ডা।

অথচ আর্থিকভাবে স্বাবলম্বী বেলালের সীতাকুণ্ডের মুরাদপুরের দোয়াজিপাড়া এলাকায় নিজস্ব জমিতে রয়েছে সেমিপাকা প্রশস্ত পৈতৃক বাড়ি, আছে দোকান, গাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান।

অপরদিকে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া সীতাকুণ্ডের এসি ল্যান্ড মো. আশরাফুল আলমের গৃহপরিচারিকা পারভীন আক্তারের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে রয়েছে পৈতৃক সম্পত্তি। আছে স্বামীর বাড়িও।

বড়কর্তার গৃহপরিচারিকা হওয়ার সুবাদে সেই বেলালের মতো একই কায়দায় উপজেলার সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্বামীকে দোকান নির্মাণ করে দিয়েছেন পারভীন আক্তার।

বেলাল স্ত্রীর নামে ঘর পেয়েছেন, আর পারভীন আক্তার পেয়েছেন স্বামীর নামে দোকান। মান্নান স্টোর নামে চলছে ওই দোকানটি।

অবাক করা বিষয়, সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা শুভ হোটেল ও মান্নান স্টোর নামের দোকান দুটির অবস্থানও পাশাপাশি।

এমনকি আশ্রয়ণ প্রকল্পে তাদের ঘর দুটিও সর্বাধিক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আবেদন করে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও ঘর না পাওয়া এক ব্যক্তি নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, আমার কোনো ঘর নেই, বহু বছর ভাড়া ঘরে থাকি।

সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা আমি। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে সব প্রক্রিয়া শেষ করেও ঘর পাইনি।’ নাম প্রকাশ না করার অনুরোধ করে আরেকজন নারী বলেন, আমি অনেক আগেই ভূমিহীন সনদ উপজেলায় জমা দিয়েছি। তবুও ঘর পাইনি। ভাড়া ঘরে থেকে নিদারুণ কষ্টে জীবনযাপন করছি।

এসব বিষয়ে কথা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কটি ঘর বরাদ্দ হয়েছে ও কাকে বরাদ্দ দেওয়া হয়েছে, আমি এসবের কিছুই জানি না। সেসব ইউএনও স্যার দেখেন। আমি শুধু নির্মাণের দায়িত্বে।’

সীতাকুণ্ডের সহকারী কমিশনার মো. আশরাফুল আলম (এসি ল্যান্ড) সব দায় ইউপি চেয়ারম্যানের ঘাড়ে চাপিয়ে বলেন, ‘চেয়ারম্যানরা আমাদেরকে যাদের ভূমিহীন সনদ দিয়েছেন তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ঘর দেওয়া হয়েছে।’ অন্যদিকে এসি ল্যান্ড অফিসের সামনে সড়ক ও জনপথের জায়গা দখল করে গৃহপরিচারিকার দোকান নির্মাণের বিষয়টি তাকে অবহিত করলে তিনি বলেন, ‘এটি আমার বিষয় না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের দেওয়া ভূমিহীন সনদ দেখে আমরা গৃহহীন বাছাই করেছি। সে ক্ষেত্রে বেলালের নিজস্ব বা পৈতৃক জায়গা নেই। তাই তাকে দেওয়া হয়েছে।’

এদিকে যে এলাকায় এ আশ্রয়ণ প্রকল্পের অবস্থান সে পৌর এলাকার জনপ্রতিনিধি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার এলাকায় ১২২ জন গৃহহীন ও ভূমিহীন রয়েছে। যাদের কেউই এ প্রকল্পের ঘর পায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews