1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভালোবাসা শুধু মুখের কথায় নয়, কখনো কখনো তা প্রমাণিত হয় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তে। কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।

মন্দিরা রানী পাল গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি এবং গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত প্রধান শিক্ষক মনীন্দ্র চন্দ্র পালের একমাত্র কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদাম পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মন্দিরা রানী পাল। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে পড়াশোনা শেষ করে ২০০৭ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। বর্তমানে গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সালে প্রথমবারের মতো সুদাম পালের কিডনির জটিলতা ধরা পড়ে। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর চিকিৎসকেরা তার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু উপযুক্ত কিডনি দাতা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারটি। এমন পরিস্থিতিতে স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। এরপর চিকিৎসার উদ্দেশ্যে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন এই দম্পতি। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্দিরা রানী পালের প্রশংসা করছেন। অনেকেই এই দম্পতির প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করে তাদের চিকিৎসার সফলতা এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

জীবনের কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে অঙ্গীকার, মন্দিরা রানী পালের এই সিদ্ধান্ত যেন তারই এক অনন্য উদাহরণ। স্বামীর সুস্থতার আশায় নিজের শরীরের একটি অঙ্গ দান করতে এগিয়ে আসা এই শিক্ষকের মানবিক উদ্যোগ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

মন্দিরা রানীর ছোট ভাই সবুজ পাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমাদের বড় বোন স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করার যে মহৎ সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে তিনি জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। তার এই অসাধারণ ত্যাগ ও ভালোবাসাকে আমাদের পরিবার সাধুবাদ জানিয়েছে। আমরা তাদের সফলতা কামনা করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews