
২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। বৈশ্বিক বা অন্যান্য বহিরাগত ধাক্কার মুখে অর্থনীতি কীভাবে স্থিতিশীল রাখা যায়, তা নিয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে; এমন নতুন অর্থনৈতিক মডেল উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।
এক বিবৃতিতে একাডেমি বলেছে, ‘বিজয়ীরা অর্থনীতির উত্থান-পতন মসৃণ করতে আমাদের সহায়তা করেছেন।অর্থনৈতিক উন্নয়নের গতি সমান্তরাল নয়, কখনো গতি কমে আসে, আবার কখনো বেড়ে যায়। সঠিক সময়ে অর্থনীতি চাঙা করা বা গতি কমানোর উদ্যোগ নিলে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এতে দীর্ঘস্থায়ী মন্দা কিংবা লাগামহীন মূল্যস্ফীতি এড়ানো যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতি প্রণয়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ডের গবেষণা। তাদের গবেষণার সূত্র ধরে গড়ে উঠেছে ‘নিউ কেইনসীয় মডেল’ বা নব্য কেইনসীয় মডেল। এ মডেলের সাহায্যে অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া বিভিন্ন নীতি ব্যবসা-বাণিজ্যের উত্থান-পতনে কী প্রভাব ফেলে, তা ব্যাখ্যা ও পরিমাপ করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এখন এ মডেল ব্যবহার করে।