1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, পর্যটকের ভিড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, পর্যটকের ভিড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

শরতের মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পাহাড়ের রূপ। জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে। তবে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশের মহানন্দা নদীর তীর থেকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

 

প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফুটতেই দূর দিগন্তে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ক্যামেরায় ধারণ করছেন পাহাড়ের অপূর্ব দৃশ্য, আবার কেউ মুঠোফোনে বন্দি করছেন স্মরণীয় মুহূর্ত।

 

কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা মুগ্ধ। তাদের কাছে এই ভ্রমণ শুধু পাহাড় দেখার অভিজ্ঞতা নয়; বরং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোরও সুযোগ।

ঠাকুরগাঁও থেকে বন্ধুদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটক মেহেদী হাসান মামুন বলেন, আমরা বন্ধুরা মিলে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা। আলহামদুলিল্লাহ, আকাশ পরিষ্কার থাকায় কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমরা অনেক খুশি।

 

সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক আখলেস সালেক বলেন,শুনেছি, অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। আমরাও ভোরের দিকে কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। প্রথমে কিছুটা দেখা গেলেও পরে আবার মেঘ ও কুয়াশায় ঢেকে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায়।

 

কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি পর্যটকরা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তঘেঁষা বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থান। এতে তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনাও বাড়ছে।

 

প্রকৃতির অনন্য এই দৃশ্য শুধু পর্যটকদের মুগ্ধই করছে না; বরং নতুন করে তুলে ধরছে পঞ্চগড়ের পর্যটনসম্ভাবনাও। শরতের কাঁশফুল আর হিমালয়ের তুষারশুভ্র শৃঙ্গকে একসঙ্গে দেখার আকর্ষণে তেঁতুলিয়া হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য।

 

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতেও তেঁতুলিয়ার আকাশে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার। প্রকৃতির এই ক্ষণিকের সৌন্দর্য উপভোগ করতে তাই পর্যটকদের আগ্রহ বাড়ছে উত্তর জনপদের এই সীমান্ত এলাকায়।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।

 

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আজিজ ইসলাম বলেন, গত দুই দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। ভ্রমণকালে কোনো সমস্যায় পড়লে পর্যটকেরা ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews