
বিনোদন ডেস্ক // গত শুক্রবার রাতে প্রকাশিত টিজারের পর থেকে আলোচনায় এসেছে টেইলর সুইফটের নতুন তথ্যচিত্র সিরিজ ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’। তথ্যচিত্রটি তাঁর বহুল আলোচিত ইরাস ট্যুরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রামে নতুন টিজার শেয়ার করে ৩৫ বছর বয়সী গ্র্যামিজয়ী শিল্পী ট্যুরের কিছু অপ্রকাশিত ফুটেজও প্রকাশ করেছেন।
টিজারে সুইফট ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘অনেক সময় ধরে এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত বোঝাতে পারব না।’
ছয় পর্বের তথ্যচিত্রে থাকবে ট্যুরের বিভিন্ন অপ্রকাশিত ফুটেজ, কিছু ম্যাশআপ গান, এবং দীর্ঘ সংগীত সফরের মঞ্চের বাইরে সুইফটের প্রস্তুতির গল্প। এছাড়া এই সময়টাতেই সুইফট ট্র্যাভিস কেলসির প্রেমে পড়েন, যার সম্পর্কের গল্পও তথ্যচিত্রে তুলে ধরা হবে।
সুইফট বলেন, ‘একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়। এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরের না–বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন।’
তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব ডিজনি প্লাসে মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।