
নিজস্ব প্রতিবেদক
জমজম ইনস্টিটিউটের ৯ম–১০ম ব্যাচের বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর রুপাতলীস্থ পটুয়াখালী সড়ক সংলগ্ন প্রতিষ্ঠানটির সুশোভিত হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষা-সাংস্কৃতিক পরিবেশে সমৃদ্ধ এই অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইনস্টিটিউটের চেয়ারম্যান মাসুদুল হক শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, জমজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে কাজ করছি। তোমাদের সফল ক্যারিয়ারই আমাদের অনুপ্রেরণা। দেশের উন্নয়নে তোমাদের প্রতিভা ও জ্ঞান কাজে লাগাতে হবে।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রশিদ। তিনি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আমাদের গর্ব, আমাদের বিনিয়োগ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও মানবিকতা বজায় রেখে এগিয়ে চলবে। তোমাদের সাফল্যই প্রমাণ করবে জমজম ইনস্টিটিউটের শিক্ষা কতটা সার্থক।
তিনি আরও বলেন, বর্তমান যুগে দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ দিকেও শিক্ষার্থীদের মনোযোগ দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক মোঃ আজমল হক। তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র ও দায়িত্ববোধ। জ্ঞানের পাশাপাশি এই দুই গুণ অর্জন করতে পারলে জীবনের সব বাধাই জয় করা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনায় পুরো হলরুমে উৎসবের আবহ সৃষ্টি হয়।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। তারা বিদায়ী শিক্ষার্থীদের জীবনে উচ্চতর সাফল্যের কামনা করেন এবং ইনস্টিটিউটের শৃঙ্খলা ও সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো পরিবেশ মুখরিত হয়। শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তে প্রিয় শিক্ষকদের ফুল ও স্মারক উপহার প্রদান করেন।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠান থেকে বিশেষ ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও দোয়া প্রদান করা হয়। মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
জমজম ইনস্টিটিউটের এই বিদায়ী অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটিই আশাবাদ সংশ্লিষ্ট সকলের।