
নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী পিরোজপুর জেলার বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নে একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন- শিক্ষার মূল শক্তি হচ্ছে শিক্ষক। একজন প্রধান শিক্ষক যদি সৎ, দায়িত্বশীল ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেন, তবে সেই বিদ্যালয়ের শিক্ষা মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আপনারাই সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন- বর্তমান বিশ্বে প্রতিযোগিতা দিনদিন বেড়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইমুখী না করে তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তি-নির্ভর দক্ষতায় গড়ে তুলতে হবে। প্রতিটি বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থী-বান্ধব ও নিরাপদ রাখতে হবে।
চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশে গুরুত্ব দিয়ে আরও বলেন- শিক্ষাবোর্ড সবসময় বিদ্যালয়গুলোর পাশে রয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পরীক্ষা-মূল্যায়ন, উপস্থিতি ও পাঠদানের বিষয়গুলোতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।