
দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি। জানালেন, আরিফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ।
বলা দরকার, একাধিক নাটক ও সিনেমায় আরিফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। এই রসায়ন থেকেই একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়।
তবে সে সময় দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি। ২০১৪ সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক মাধ্যমেও ছিলেন প্রায় নিশ্চুপ।
দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালের ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’তে আবারও আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরোনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকের প্রশংসাও পায় কাজটি। কিন্তু এরপরও বিন্দু আর নিয়মিত হননি।
শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো, এটা সত্যি। কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। এবার প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে বলেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন!’
কিছুক্ষণ থেমে বিন্দু যোগ করে বলেন, ‘কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না।’
ভবিষ্যতে আবার আরিফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি।