ঝালকাঠির নলছিটিতে প্রাইম ব্যাংক লিমিটেডের এজেন্টের কথা বলে গ্রাহকের প্রায় ৭০ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে উদ্যোক্তা মো.সুফিয়ান ওরফে মিলনের বিরুদ্ধে।
ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুফিয়ান ওরফে মিলন প্রাইম ব্যাংকের এজেন্টে চালু করে পরিচালনা করতেন । এরপর ওই গ্রাহকদের প্রলুব্ধ করলে তারা লাখ লাখ টাকা জমা রাখেন । কিন্তু গত ১৮ সেপ্টেম্বর উধাও হয়ে যান তিনি । সঙ্গে নিয়ে যান ১১ জন গ্রাহকের প্রায় ৭০ লাখ টাকা। কষ্টের অর্জিত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহক চুন্নু তালাকদার, জাকির মোল্লা, রিয়াদ মোল্লা, এনামুল, মিজান, বশির, সরল,শারমিন, খোকন জানান,মিলন আমাদের ডিপোজিটের কথা বলে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ব্যবসার সুবাদে আমাদের আস্থা অর্জন করেছিলেন। তিনি এভাবে প্রতারণা করবেন, তা কেউ ভাবতে পারিনি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








