1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বৈধ ইটভাটার চেয়ে অবৈধ ভাটার সংখ্যা বেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বৈধ ইটভাটার চেয়ে অবৈধ ভাটার সংখ্যা বেশি

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিভাগজুড়ে বাড়ছে অবৈধ ইটভাটার বিস্তার। সরকারি হিসেবে বিভাগে বৈধ ইটভাটার সংখ্যা ২৯৬টি। অথচ সময় সংবাদের অনুসন্ধানে পাওয়া গেছে ৫০০টিরও বেশি অবৈধ ইটভাটার তথ্য। এসব ভাটার বড় অংশই গড়ে উঠেছে চরাঞ্চল ও দুর্গম এলাকায়।

কোথাও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে, কোথাও কৃষিজমির কাছেই চলছে ইট উৎপাদন। কয়লার পরিবর্তে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি।

অনিয়মের চিত্র ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলোকে ম্যানেজ করেই চলছে অবৈধ এ কারবার।

সরজমিনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামে দেখা গিয়েছে মাত্র ৬০০ ফুটের মধ্যে পাশাপাশি গড়ে উঠেছে মেসার্স হাসান ব্রিকস ও আইবিএফ নামের দুটি ইটভাটা।

ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে গড়ে উঠেছে এসব স্থাপনা? আর কোন জ্বালানিতে পোড়ানো হচ্ছে ইট? প্রশ্নের উত্তর খুঁজতে ইটভাটায় পৌঁছায় সময় সংবাদের টিম। তবে সেখানে তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন এই প্রতিবেদক।

একপর্যায়ে হাসান ব্রিকসের মালিক ফারুক মৃধার ছেলে হাসান মৃধা প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এমনকি তাদের অফিস কক্ষের দরজা আটকে হামলার চেষ্টাও করেন তিনি।

এ সময় হাসান মৃধা বলেন, ‘আপনি ক্যামেরা-বুম ছাড়া আসেন, তাহলে কথা বলব। আর অন্য দশ জায়গায় যেভাবে কাঠ পোড়ায়, আমরাও সেভাবে করি। আপনি পরিবেশের লোক না। আপনার যা করার কইরেন।’

পরিবেশ অধিদফতরের আইন অনুযায়ী, আবাসিক এলাকা ও কৃষিজমি থেকে অন্তত এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের শর্ত রয়েছে। পাশাপাশি ইটভাটার চুল্লির উচ্চতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধান। জিগজ্যাগ পদ্ধতির ভাটায় চুল্লির উচ্চতা অন্তত ৮০ ফুট এবং প্রচলিত পদ্ধতিতে ১২০ ফুট হওয়ার কথা। তবে বাস্তবে এসব শর্ত কতটা মানা হচ্ছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর সঙ্গে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর প্রবণতা পরিবেশ দূষণের মাত্রা আরও বাড়িয়ে তুলছে।

হাসান ব্রিকসের শ্রমিক কামরুল বলেন, ‘এই কাঠ কেটে ইট পোড়াতে ব্যবহার করা হয়।’

এদিকে ইটভাটার ধোঁয়ায় অতিষ্ঠ আশপাশের বাসিন্দারা। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার বাটনা গ্রামের সাদিয়া আক্তার বলেন, ‘ধোঁয়ায় দরজা-জানালা খোলা সম্ভব হয় না। বাচ্চাদের শ্বাসকষ্ট তো লেগেই আছে। ভাটার ধোঁয়ার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।’

শুধু পরিবেশ দূষণ নয়, অবৈধ ইটভাটা পরিচালনায় সংশ্লিষ্ট দফতরগুলোকে অর্থ দিয়ে ম্যানেজ করার অভিযোগও উঠেছে ভাটা মালিকদের বক্তব্যে।

বাবুগঞ্জ উপজেলার ফাতেমা ব্রিকসের মালিক মনিরুজ্জামান মনির বলেন, ‘সব দফতরেই টাকা দিয়েই ম্যানেজ করে চালাতে হয়। কারণ টাকা না দিলে এসব চলে না। কাঠ না পুড়লে ভাটা চালানো সম্ভব হবে না।’

সময় সংবাদের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলায় বৈধ ইটভাটা রয়েছে ২৯৬টি। বিপরীতে অবৈধ ইটভাটার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় বৈধ ৯১টির বিপরীতে অবৈধ ইটভাটা ১৯৪টি। ঝালকাঠিতে বৈধ ৮টির বিপরীতে অবৈধ ৩০টি, পটুয়াখালীতে বৈধ ৫৫টির বিপরীতে অবৈধ ৮২টি, পিরোজপুরে বৈধ ৩০টির বিপরীতে অবৈধ ৪০টি, ভোলায় বৈধ ৬৮টির বিপরীতে অবৈধ ৮৪টি এবং বরগুনায় বৈধ ৪২টির বিপরীতে অবৈধ ইটভাটা রয়েছে ৬৫টি।

সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে বরিশাল জেলায়। সরকারি হিসাবে বৈধ ভাটার তুলনায় অবৈধ ভাটার সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি। এসব ভাটার বড় অংশ চরাঞ্চল ও দুর্গম এলাকায় হওয়ায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এমন পরিস্থিতিতে কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানো এবং পরিবেশগত বিধিনিষেধ না মানার কারণে বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যে।

পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন বলেন, ‘ইটভাটা স্থাপনের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু আইন অমান্য করে যেসব অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেসব এলাকায় এসব ভাটা পরিচালিত হচ্ছে, সেখানকার কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।’

অন্যদিকে অবৈধ ইটভাটার বিস্তার নিয়ন্ত্রণে জনবল সংকটকে বড় বাধা হিসেবে দেখছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। সীমিত জনবল দিয়ে পুরো বিভাগের ইটভাটাগুলো নিয়মিত তদারকি করা কঠিন। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেসব ভাটার বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পরিবেশ অধিদফতরের তথ্যমতে, চলতি মাসেই বরিশালের উজিরপর ও মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৯টি অবৈধ ইটভাটা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews