1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য দপ্তরির ৯৫ পদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য দপ্তরির ৯৫ পদ

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে নেতৃত্বের সংকট। উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চলছে চলতি দায়িত্বপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে।

পাশাপাশি সহকারী শিক্ষক ও কর্মচারীর সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় প্রাথমিক শিক্ষার মান ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। বাকি ১০০টি বিদ্যালয়ের মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। ফলে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্বও সামলাতে হচ্ছে তাদের। এতে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের তদারকিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

শুধু প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষক ও কর্মচারীর সংকটও প্রকট। উপজেলায় সহকারী শিক্ষকের ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ৭২৮ জন। শূন্য ছিল ১২৬টি পদ। তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে। অন্যদিকে, ১৫৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬১ জন। শূন্য রয়েছে ৯৫টি পদ।

শিক্ষক সংকটের চিত্র তুলে ধরে চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।’

প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার পাশাপাশি পদোন্নতি না পাওয়ায় শিক্ষকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘২০০৯ সালের পর থেকে প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে। পদোন্নতিবঞ্চিত হয়ে অনেক সহকারী শিক্ষক একই পদে থেকে অবসরে যাচ্ছেন। উপজেলার প্রায় ১০০টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।’ দ্রুত পদোন্নতির মাধ্যমে শূন্য পদগুলো পূরণে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরবে। পাশাপাশি শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন ও সমন্বয় বাড়বে, যা পাঠদানের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, ‘আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে খুব শিগগিরই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হবে বলে আমরা আশাবাদী।’

দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীর শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক ও নিয়মিত নেতৃত্ব নিশ্চিত করা না গেলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews