
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি অংশীদারিত্ব জোরদার ও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাপক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সায়েন্স বিষয়ে যৌথ গবেষণা, একাডেমিক প্রকাশনা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
চুক্তি অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গবেষণা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে এবং উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বাছির এবং রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্ল্যান্ট ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বিভাগীয় প্রধানসহ রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।