1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ। এই মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা; সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশের সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা। তাই মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া করার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতি।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যাত্রীদের কোনো মতামত না নিয়ে ঢাকার সিটিবাসের দ্বিগুণ হারে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ গণবিরোধী। আর্থ সামাজিক অবস্থা, মাথাপিছু আয় ও গড় জিডিপি আয় প্রায় সব সূচকে সমান অবস্থানে থাকলেও ভারতের কলকাতার মেট্রোরেলের তুলনায় ঢাকার মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া দ্বিগুণ। ভাড়া ৪ গুণ বাড়তি নির্ধারণ করায় যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে বেসরকারি লক্কড়-ঝক্কড় বাস কোম্পানিগুলো। বেশি ভাড়ার কারণে দরিদ্র মানুষ মেট্রোরেলে উঠবে না। ফলে মেট্রোরেলে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।’

লিখিত বক্তব্য পাঠ করছেন মোজাম্মেল হক চৌধুরী 

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘কলকাতায় মেট্রোরেলের ভাড়া সড়ক পরিবহনের তুলনায় সবচেয়ে কম। সেখানে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫ রুপি বা ৬ টাকা। আর ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কলকাতায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি বা ৩১ টাকা। ঢাকায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। কলকাতায় ৫ রুপি দিয়ে ২ কিলোমিটার, ১০ রুপিতে ৫ কিলোমিটার, ১৫ রুপিতে ১০ কিলোমিটার, ২০ রুপিতে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। ২০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ ২৫ রুপি বা ৩১ টাকা লাগে। অথচ বাংলাদেশে উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে ৪০ রুপি বা ৫০ টাকা লাগে, যা ছুটির দিনে ৩০ রুপিতে নেমে আসে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের লাহোরে অরেঞ্জ লাইন মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৯ টাকা। ২৭ কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ ৪০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৮ টাকা লাগে। লাহোরের মেট্রোতে প্রথম ৪ কিলোমিটার ২০ রুপি বা ৯ টাকা। ৫ কিলোমিটার থেকে ৮ কিলোমিটারের জন্য ২৫ রুপি বা ১১ টাকা, ৯ থেকে ১২ কিলোমিটারের জন্য ৩০ রুপি বা ১৪ টাকা লাগে। ১৩ থেকে ১৬ কিলোমিটারের জন্য ৩৫ রুপি বা ১৬ টাকা লাগে। ১৬ থেকে ২৭ কিলোমিটারের জন্য ৪০ রুপি বা ১৮ টাকা লাগে। আগে লাহোর মেট্রোতে যেকোনো দূরত্বে যাতায়াতের জন্য ৪০ রুপি বা ১৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এক সমীক্ষায় দেখা গেল, ৮৮ ভাগ যাত্রীই পুরো ২৭ কিলোমিটারের বদলে প্রথম ১৬ কিলোমিটার অংশে যাতায়াত করেন। তখন মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সাধারণের সুবিধার্থে এভাবে প্ল্যানভিত্তিক ভাড়া নির্ধারণ করেন।’

মোজাম্মেল হক চৌধুরী সম্প্রতি নির্মিত এশিয়া মহাদেশের কয়েকটি মেট্রোরেলের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘কলকাতা ও দিল্লি মেট্রোরেলের নির্মাণ ব্যয় কম হওয়ায় এসব রেলে ভাড়াও কম। এ দুটি রেল নির্মাণে ঢাকা থেকে বহুগুণে কম ব্যয় হয়েছে। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে নির্মিত জাকার্তার নর্থ-সাউথ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৭ কোটি ৫০ লাখ ডলার। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে নির্মিত ভিয়েতনামের হ্যানয় শহরে লাইন-২ এ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৬ কোটি ৫০ লাখ ডলার। ভারতের দিল্লি লাইন-১ মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হয়েছে ৫ কোটি ৬ লাখ ডলার। ২০১৫ থেকে ২০২০ সালে নির্মিত পাকিস্তানের লাহোর অরেঞ্জ মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ ৬ কোটি ৬১ লাখ ডলার। অথচ ২০১৭ থেকে ২০২৩ সালে ঢাকা উত্তরা থেকে কমলাপুর ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হচ্ছে ২৩ কোটি ৪০ লাখ ডলার। বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিযোগিতামূলক মূল্যের পরিবর্তে কেন এত উচ্চমূল্যে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে যাত্রীরা তা জানতে চায়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, নগর পরিকল্পনাবিদ এমদাদুল হক, নাগরিক সংহতি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সহ-সভাপতি তাওহিদুল হক লিটন এবং যুগ্ম মহাসচিব এম মনিরুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews